আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। সোমবার সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।
এতে হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি করছেন রাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এখনও রাস্তায় শহীদের রক্তের দাগ শুকায়নি। অথচ তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে। তাঁর বক্তব্যে আমরা হতবাক। তিনি অবিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করি। তাঁর এখানেই থামা উচিত।













