ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন শেখ হাসিনা। তাঁর সরকার পতনের পেছনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
এদিকে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশি শক্তির হাত’ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা।
গতকাল শনিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন।
আজ রবিবার (১১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ওই বার্তাটি দেখতে পেয়েছে বলে জানায়।
হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখেছে। চলতি বছরের জানুয়ারির নির্বাচনের আগে হাসিনা বলেছিলেন, ‘একজন শেতাঙ্গ মানুষ’ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতায় মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। বিবৃতিতে নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য সতর্ক করেছেন শেখ হাসিনা।













