পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কথিত পীর শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে শোনা যায়, ‘কোরআন যে, তৈরি করেছে সেও মূর্খ, যারা পড়ে তারাও মূর্খ।’
পরে এই ভিডিও ছড়িয়ে পড়ার এক পর্যায়ে ওই পীরের আস্তানায় হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে এলাকার বিক্ষুব্ধ জনতা ওই দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় হামলাকারীরা পীর শামিমসহ তার অনুসারী হিসেবে পরিচিত জুবায়ের (৩২), জামিরুন্নেছা (৪০) ও খোকনকে (৪৫) পিটিয়ে আহত করে।












