৯০ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে তার স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে একই অভিযোগে মামলা দায়ের করেছে সংস্থাটি। বৃহস্পতিবার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে চার্জশিট ও মামলা দায়েরের তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে গত বছরের ১৭ই এপ্রিল মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে উপপরিচালক কামরুজ্জামান এর তদন্ত ভার পান। তদন্তকালে আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকা মূল্যের সম্পদ গোপনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া এই ব্যবসায়ীর ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেয়া হয়েছে।













