দফায় দফায় বন্যার আঘাতে সিলেট বিভাগের কৃষি ও মৎস্য খাতে ৭০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি খাতে প্রায় ৩১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ক্ষতির পরিমাণ ৬০৫ কোটি টাকার বেশি। আর মৎস্য খাতে প্রায় চার হাজার হেক্টর জলাশয়ে ১০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কৃষি খাতের ক্ষয়ক্ষতি
বন্যায় সিলেট বিভাগে ৩০ হাজার ৭৭২ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখ দুই হাজার ১১৯ জন কৃষক।
বিভাগের চার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বন্যার ক্ষয়ক্ষতির প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেট জেলার ২২ হাজার ৯৬১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মৌলভীবাজারে বন্যায় ১১৫ হেক্টরের ৭১৮টি পুকুর, দিঘি ও খামারের ২২৫ মেট্রিক টন মাছ ও ৮৯ মেট্রিক টন পোনা ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ টাকার। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা শ্রীমঙ্গল। এখানে ক্ষতির পরিমাণ এক কোটি ৭৫ লাখ টাকা। বড়লেখা উপজেলায় ক্ষতি হয়েছে এক কোটি ৫৫ লাখ টাকার।
এসব তথ্য নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক আনোয়ার হোসেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বড় ক্ষতি হয়ে গেছে প্রথম দফা বন্যাতেই। মাছ, পোনা বা অবকাঠামো সব ক্ষেত্রেই। পরে সেটি আরো কিছুটা বেড়েছে।’














