দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এর প্রভাবে রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে দেশের তাপমাত্রা কমে শীতের প্রভাব শুরু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার পর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। এতে করে বৃষ্টিতে তাপমাত্রা কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কর্মজীবী ও পথচারীদের অনেককেই বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। অপরদিকে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।













