পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না। রোববার (১ ডিসেম্বর) নতুন করে সংঘাতে আরও ছয়জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়ালো। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা ১১ দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহতও হয়েছে ১৮৬ জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাতবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা।
পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুররামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে। সর্বশেষ সংঘাতে আহত হয়েছে আরও আটজন।
দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।













