ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হয়ে গেল। এই সেশনে মাত্র একটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি হ্যারি টেক্টর আর লরকান টাকার। দুজনের জুটিতে ৫ উইকেটে ৯৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে আইরিশদের এখনও ৬২ রান করতে হবে। হ্যারি টেক্টর ৪৩* আর লরকান টাকার ২৪* রানে অপরাজিত আছেন।
আজ বৃহস্পতিবার সকালে দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। শুরুতেই তাইজুলের বলে ক্যাচ দিয়েছিলেন হ্যারি টেক্টর। তবে লিটন দাসের পক্ষে ক্যাচ নেওয়াটা কঠিনই ছিল। তবে দিনের প্রথম সাফল্য কোনো স্পিনার নয়, বরং পেসার শরীফুল ইসলামের হাত ধরে আসে। তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে ফিরেন পিটার মুর (১৬)। দলীয় ৫১ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড।













