রংপুরে চার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বিদ্যুৎ, সড়ক ও জনপদ বিভাগের জাল দলিল, জমি দখলসহ চার মামলার পরোয়ানাভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শিপলু। শুক্রবার (৭ এপ্রিল) রাতে নগরীর বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানিয়েছেন, নগরীর বিনোদপুর রেলগেট এলাকার নিজ বাড়ি থেকে পাঁচ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মেট্রোপলিটন পুলিশ ওই বাড়িতে গ্রেপ্তার অভিযানে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় বাধা উপেক্ষা করে সোয়া ১০টার দিকে শিপলুকে গ্রেপ্তার করে কোতয়ালি থানায় নেওয়া হয়।













