গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামী ১০ এপ্রিল আর বোনাস ঈদের আগে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে শ্রম অধিদপ্তর, শ্রমিক ও মালিকপক্ষের গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের বৈঠকে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বৈঠক সূত্র জানায়, চলতি মাসের ১০ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন, ১৭ এপ্রিল বা ২৫ রোজার মধ্যে ঈদ বোনাস এবং ঈদের ছুটির সময় এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা। পাশাপাশি প্রতি ঈদে কিছু কারখানা বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের পথে ঠেলে দেয়। এমন কারখানাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় তারা। বেতন-ভাতা পরিশোধে তারিখ নির্ধারণ না করলে এবং কোথাও কোনো সমস্যা হলে তার দায় মালিকের, বলেন শ্রমিক নেতারা।













