এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের কনসাল জেনারেল মেশারি আল থাইবি, সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ফাহাদ এবথনাইন এবং ভিসা ও ট্রাভেল সল্যুশনসের সৌদি কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ সুলাইমান আল আমাউদ।
বর্তমানে এই ভিসা সেন্টার পর্যটক, ব্যবসা, পারিবারিক ভ্রমণ এবং অন্যান্য বিভাগের ভিজিট ভিসার জন্য আবেদন গ্রহণ করছে। কাজের ভিসা জমা দেওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তাশির ব্র্যান্ডের আওতায় সৌদি কম্পানি ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশনসের জন্য ৩৩টি দেশে সৌদি ভিসা সার্ভিস সেন্টার পরিচালনা করছে। সেন্টারগুলো ভিএফএস গ্লেবালের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে পরিচালিত হয়। বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ হিসেবে ভিএফএস গ্লোবাল ১৪৫টি দেশে ৬৭টি সরকারি ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠানে ভিসা ও ট্রাভেল সল্যুশনসের সৌদি কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ সুলাইমান আল আমাউদ ঢাকায় সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু করার ক্ষেত্রে সহায়তা ও নির্দেশনার জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকার ভিসা সেন্টারটি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ অনুযায়ী সৌদি আরবের পর্যটন ও ব্যবসাকে আকৃষ্ট করার ক্ষেত্রে অবদান রাখবে।
তিনি আরো বলেন ‘সৌদি আরবের নেতৃত্বের ভিশন এবং মিশনের অংশ হতে পেরে আমরা সম্মানিত। আমরা সৌদি আরবের নেতৃত্বের দিক-নির্দেশনা ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করব।’
ঢাকার সৌদি ভিসা সার্ভিস সেন্টার সম্পর্কে আরো তথ্য জানতে https://vc.tasheer.com/ এই ওয়েব সাইটে ভিজিট করতে বলা হয়েছে।













