মাত্র একদিন আগেই মুশফিকুর রহিম ঝড় বইয়ে দিয়েছেন আইরিশ বোলারদের ওপর। মাত্র ৬০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি; যা ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার আফ্রিকার মাটিতে ঝড় তুললেন হেনরিক ক্লাসেন। তার ৫৪ বলের সেঞ্চুরিতে তৃতীয় ওয়ানডে ৪ উইকেটে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হলো। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে ২৬০ রানে অল-আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোর বেশ লড়াকুই ছিল। ৭২ বলে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার ব্রেন্ডন কিং। তবে ক্যারিবিয়ানদের আর কেউই ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন নিকোলাস পুরান। এছাড়া জেসন হোল্ডার করেন ৩৬ রান। চতুর্থ সর্বোচ্চ ২৫ রান আসে ‘মি. এক্সট্রা’র সৌজন্যে। ২টি করে উইকেট নিয়েছেন মার্কো জনসেন, বিয়র্ন ফরচুন এবং কোয়েতজে।













