সারগাসাম নামের শৈবালের এই জাতটি দীর্ঘ সময় ধরে আটলান্টিক মহাসাগরে বড় আকার ধারণ করেছে। ২০১১ সাল থেকে বিজ্ঞানীরা সবচেয়ে বড় আকারের শৈবালদামের খোঁজে ছিলেন। এর আগেও তাঁরা বড় আকারের শৈবালদাম দেখেছেন। তবে এই শৈবালদামকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বলে মনে করছেন তাঁরা। কারণ এটি সম্মিলিতভাবে আফ্রিকার উপকূল থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত আট হাজার ৪৭ কিলোমিটার (পাঁচ হাজার মাইল) জুড়ে বিস্তৃত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির মহাসাগরবিষয়ক গবেষক ব্রায়ান লেপয়েন্টি জানান, গত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই শৈবালদামের আকার দ্বিগুণ হয়ে যায়। গত জানুয়ারিতে এটি আগের যেকোনো বারের চেয়েই বড় আকারের ছিল। সম্ভবত জুলাই মাসের দিকে ফ্লোরিডা সৈকতে এই শৈবালদাম দেখা যাবে। তিনি বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের পর্যটনের জন্য এটি সত্যিই বিপর্যয়কর সমস্যা। সেখানকার সৈকতে এখনই পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত শৈবালের স্তূপ জমেছে। সূত্র : সিএনএন













