মালয়েশিয়ায় কর্মী নিয়োগে জটিলতা দূর করতে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে এসেছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। গত ৫ ফেব্রুয়ারি তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, দেশটিতে কর্মী পাঠানোর গতি বাড়াতে এবং অভিবাসন খরচ নিয়ন্ত্রণে প্রয়োজনে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে।
এরপর গত ৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার। সেই সাক্ষাতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজনের অনুরোধ জানান তিনি।













