রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ১৬ জন রোগীর ১৩ জনই শিশু। তাদের একজন ইশতিয়াক ফারহাদ। শিশুটির বাবা মঞ্জুরুল ইসলাম জানান, ইশতিয়াক জলবসন্ত থেকে সেরে ওঠার আগেই আক্রান্ত হয় মাম্পসে।
কিশোরগঞ্জের বাসিন্দা মঞ্জুরুল কালের কণ্ঠকে বলেন, ‘হঠাৎ জ্বর, এরপর গায়ে ফুসকুড়ি দেখা দেয়। জলবসন্ত বুঝে প্রথমে আমরা খুব বেশি গুরুত্ব দিইনি। কিন্তু তিন দিন পর থেকে পেট ব্যথা, সঙ্গে বমি শুরু হয়। ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থার অবনতি দেখে স্থানীয় সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে নিয়ে যাই। সেখান তিন দিন চিকিৎসা শেষে পাঠানো হয় ঢাকা শিশু হাসপাতালে। শিশু হাসপাতালে গেলে তারা ভর্তি নেয়নি। বলা হয় এই হাসপাতালের কথা। এরপর এখানে ভর্তি করাই।













