রাজধানীসহ সারা দেশে চলছে বিজয়া দশমীর উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (বুধবার, ৫ অক্টোবর) শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।
বিকেল ৩টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে রাজধানীর কেন্দ্রীয় বিসর্জন ঘাট ওয়াইজ ঘাটে ভিড় করেছে ভক্ত ও অনুরাগীরা।
এ সময় নানা ধর্মের, শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
এর আগে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১ অক্টোবর থেকে দেশের সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরে চার দিন রাজধানীসহ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনায় ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।













