জুলাই গণঅভ্যুত্থানে নির্বাসিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানায় অবস্থান করছেন। তিনি দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী-সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যস্ত থাকছেন। এ সময় তিনি ভবিষ্যতের ‘সংগ্রামের’ জন্য দলকে প্রস্তুত করারও প্রয়াস চালাচ্ছেন।
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরাট একটা অংশ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন শেখ হাসিনা। আগামীর বাংলাদেশে রাজনীতিতে ফেরার জন্য তাদের নিয়ে নতুন ছক কষছেন তিনি। দলীয় কৌশল নির্ধারণের জন্য ইতিমধ্যে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন। খবর দ্য গার্ডিয়ান













