জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দিয়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে এদিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হন। ওই সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
পরে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর জনভোগান্তি বিবেচনায় শাহবাগ মোড় ছেড়ে দেন তারা।
জানা যায়, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে পুলিশের ব্যারিকেডের মুখে রাতভর তারা সেখানে অবস্থান করেন।
সর্বশেষ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।













