পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুলফিতর উদযাপনের প্রস্তুতি শুরু করে। এই ঈদ রমজানের সমাপ্তি এবং শাওয়ালের নতুন চাঁদ দেখার সূচনা করে। মুসলমানরা ঈদের দিন তাদের সেরা পোশাকটা পরিধান করে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে বের হয়।
প্রতিটি সংস্কৃতির নিজস্ব স্টাইল ও পোশাকের ধারণা রয়েছে যা ব্যক্তি থেকে ব্যক্তিতে তাদের সাদৃশ্য অনুসারে পরিবর্তিত হতে পারে।উদাহরণস্বরূপ, পাকিস্তান, ভারত বা বাংলাদেশে নারীরা তাদের ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ পরেন। ইন্দোনেশিয়ার নারীরা তাদের পোশাক কেবায়া এবং কেরুদুং পরেন। অন্যদিকে পশ্চিম মুসলমানরা প্রায়ই তাদের নিজস্ব ছাড়া অন্য মুসলিম সংস্কৃতির পোশাক পরে। চলুন, দেখে নেওয়া যাক ঈদের দিন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা কেমন পোশাক পরে।
ফিলিস্তিন
ফিলিস্তিনের নারীরা ঈদের দিন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেন। যার মধ্যে রয়েছে লাল সুতার সূচিকর্ম এবং ছোট আয়না দিয়ে সজ্জিত। এই পোশাকটি ‘থুবে’ নামে পরিচিত
কসোভো
কসোভোর মুসলিম শিশুরা ঈদ উদযাপনের সময় সোনালি সুতার কাজ করা কোট পরে।
সৌদি আরব
ঈদের দিন পুরুষরা ‘কান্দর’ নামের সাদা পোশাক পরিধান করে।মাথায় দেয় ‘গাহফিহ’ নামের টুপি। নারীরা এ দিনে ‘থাউব’ নামের বিশেষ পোশাক পরে থাকে।
তুরস্ক
তুরস্কে ঈদ উদযাপনের দিনকে ‘রামাদান বেরামি’ বা ‘সেকার বেরামি’ বলা হয়। তুর্কি নারীরা ঐতিহ্যবাহী ‘তেসেত্তুর’ পরিধান করেন, যা টপ কোটের সঙ্গে মাথার স্কার্ফের সমন্বয়ে গঠিত। শহুরে আধুনিক নারীরা জিন্স, টি-শার্ট বা স্কার্টও পরিধান করেন।
পাকিস্তান
পাকিস্তানি নারীরা ঈদে সালোয়ার-কামিজ, আনারকলি, লাহেঙ্গা ছোলি, লম্বা কুর্তা ইত্যাদি পরিধান করেন। এ ছাড়া ফেরান, বেলুচি ও দোপাট্টা তাদের আঞ্চলিক পোশাকের মধ্যে অন্তর্ভুক্ত।
মিসর
মিসরীয় নারীরা লম্বা গাউন, হিজাব ম্যাক্সি স্কার্ট বা লম্বা কার্ডিগান পরিধান করেন।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় ঈদ ‘হারি রায়া ঈদুল ফিতরি’ বা ‘লেবারান’ নামে পরিচিত। নারীরা ‘কেবায়া কুরঙ্গ’ এবং পুরুষরা ‘বাজু কোকো’ নামের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন।
মালয়েশিয়া
মালয়েশিয়ায় ঈদ ‘হারি রায়া আইদিলফিতরি’ নামে পরিচিত। এখানে ‘ওপেন হাউস’ প্রথা প্রচলিত, যেখানে সবাই সবার বাড়িতে আমন্ত্রিত হয়। ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পুরুষরা ‘বাজু মেলায়ু’ এবং নারীরা ‘বাজু কুরুং’ পরিধান করেন।
সিরিয়া
সিরিয়ার নারীরা ঈদে ‘থোব’ নামের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন, যা সাধারণত কালো রঙের এবং সৃজনশীল নকশার এমব্রয়ডারি ও বাহারি রঙের ডিজাইনযুক্ত।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের মুসলিমরা ঈদুল ফিতরের দিনে একে অপরকে শুভেচ্ছা জানায়। পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পাগড়ি (কেফিয়া) এবং একটি আলখাল্লা (থোব) পরে থাকে। আরব দেশগুলোতে পুরুষদের এই পোশাকটি অনন্য এবং সাধারণ।
কেনিয়া
ঈদুল ফিতরের দিন কেনিয়ার মুসলিম পুরুষরা এবং শিশু উভয়ই একটি ঐতিহ্যবাহী টুপি এবং আলখাল্লা (থোবি) পরেন।
বিভিন্ন দেশের এই বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী পোশাক ঈদ উৎসবকে আরো রঙিন করে তোলে, যা প্রতিটি সংস্কৃতির নিজস্ব ধারা ও ঐতিহ্যকে প্রতিফলিত করে।













