ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে নগরীর মার্কেটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। ক্রেতারা যেমন ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানে, তেমনি ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড়।
রবিবার (৩০ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, শেষ সময়ের ঈদবাজার সারতে অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়।চাঁদরাতে পণ্যে বিভিন্ন ছাড় দিয়ে আকর্ষণ করছেন ক্রেতাদের।
বসুন্ধরা শপিং মলে ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এই শপিং মলে লোকসমাগম এতটাই হয়েছিল, এস্কেলেটরে উঠতে, শপিং মলে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল।
পরিবারসহ নিউমার্কেট আসা এক ক্রেতা বলছেন, চাঁদরাতে শপিং করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে।তাই ইফতার সেরে চলে এসেছি। তাছাড়া আজ অনেক কিছুতে ছাড়ও পাওয়া যাচ্ছে।
গাউছিয়া মার্কেটে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, চাঁদরাতে কেনাকাটা করব বলে মার্কেটে আর আসা হয়নি। আজ পরিবারের জন্য সব কেনাকাটা করব।
শেষ ঈদবাজারে সর্বোচ্চ পণ্য বিক্রি করতে ব্যবসায়ীরাও সচেষ্ট রয়েছেন। নূরজাহান মার্কেটের ব্যবসায়ী মো. সুমন বলেন, আজকেই তো শেষ বেচাবিক্রি। তাই কাস্টমার যারা আসছেন, চেষ্টা করছি না ফিরিয়ে দিতে।
ইস্টার্ন মল্লিকার এক ব্যবসায়ী বলেন, অনেক কাস্টমার অপেক্ষা করে চাঁদরাতে কেনাকাটা করার জন্য। আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যাতে তারা পণ্যটা কিনতে পারেন।অল্প লাভ হলেও ছেড়ে দিচ্ছি।













