বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম। সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে।
ফলে দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়তে পারে। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।
দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।
এই কমিটির এক সদস্য বলেন, বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। যে কোনো মুহূর্তে সোনার আউন্স ২ হাজার ৬০০ ডলার হয়ে যেতে পারে। বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও দাম বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আমরা সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেই আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবার পাকা সোনার দাম কমলে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা সোনার দামে প্রভাব ফেলে।
তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৪৮৬ দশমিক ৯৬ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৭৮ দশমিক ৪৮ ডলারে থিতু হয় সপ্তাহ শেষে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৯১ দশমিক ৫২ ডলার বা ৩ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সপ্তাহে শেষ কার্যদিবসেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২০ দশমিক শূন্য ৩ ডলার বা দশমিক ৭৮ শতাংশ।













