তোমার
শরীর চুয়ে নামছে রক্তের ধারা
লাশে আর লাশে বেসামাল বুকপেট
এখানে ওখানে বিরতিহীন
গুজবগুলি ও গসিপগ্রেনেড…
তুমি
পড়ে আছো জঙ্গলে
ধর্ষিতার বিধ্বস্ত মৃতদেহ !
ঝর্ণা থেকে তুমি নেমে এসেছো
আজ উৎসমুখে প্রকাশ্য সিলগালা
সাগর থেকে তুমি উঠে এসেছো
নুন ও জলের তীব্র সংকট
লোভাতুর জনপদে
তুমি ছেঁড়াখোঁড়া পতাকা !
লালে লোলুপের জিভ
সবুজে সংক্রমণ
পাহাড়ে হিম জাগানো আতঙ্ক
বনে বর্বর দস্যুতা
হিমালয় থেকে সেন্টমার্টিন
সবখানেই আক্রান্ত তুমি !
তোমার
আকাশ তোমার নেই
তুমি জানো না
জমিন জমিন করে
পেয়েছো ইচ্ছের তলদেশ
অগণন মাইনের খনি
সমতলে তোমার
কেউ নেই একান্ত আপন
তুমি বায়ান্নর উত্তাল নদী
একাত্তরের টর্নেডো
নব্বইয়ের নিষিদ্ধ নিশি
চব্বিশের জনতরঙ্গ
বুকে আধ কোটি
শহীদের বিগলিত কঙ্কাল
মুখে মুক্তির মহামন্ত্র
তুমিই পারো
ঘুরে দাঁড়াতে ব্যাকরণহীন…
তুমি
অসম্ভবের সম্ভাবনা বোন
লাশের মিনারে চড়ে
রক্তের দাগ মুছে
শত্রুর সম্মুখে নিরস্ত্র
তুমিই পারো খিলখিল হাসতে
প্রিয় শাপলাফুল
তুমিই তো বাংলাদেশ…
♦
আবারও বাংলাদেশ
জামিল জাহাঙ্গীর
♥️
কবিতার রাজধানী শাহবাগ বৃক্ষনদী
♦️













