রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জেগে উঠল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। বাড়তে থাকল ভিড়। বুধবার রাতে রাস্তার দখল নিতে শুরু করল মেয়েরা।
যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোণা, জেলায় জেলায় চলল জমায়েত।
এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও রাত জাগছে আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে। রাত দখলে নেমেছে সুদূর স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাও।
কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে মেয়েদের দখলে। ব্য়ানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছে শত শত নারী।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। ‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এই সময়













