ভয়াবহ যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। একই সঙ্গে তীব্র দাবদাহে গাড়িতে আটকে থেকে হাঁসফাঁস অবস্থায় পড়েছেন পথচারী, যাত্রী, চালক ও শ্রমিকেরা।
গতকাল বেলা ৩টায় সড়কে গাড়ির চাপ বাড়ায় শহরের প্রগতি সরণি, বিজয় সরণিসহ প্রধান প্রধান সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। রাজধানীর গণপরিবহনে চলাচলকারী যাত্রীরা জানিয়েছেন, রাজধানীতে দুপুরের পরপরই গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, মালিবাগ থেকে হাতিরঝিল এলাকা, বিজয় সরণি, নতুন বাজার থেকে বাড্ডা লিংক রোড, মহাখালী বাসস্ট্যান্ড আর বনানীতে যানজট ছিল চোখে পড়ার মতো।
রাজধানীতে মোটরসাইকেলে রাইড শেয়ার করেন মনিরুল ইসলাম। তিনি বলেন, রোজা রেখে শুধু পেটের দায়ে গাড়ি নিয়ে ঘর থেকে বের হওয়া। বিজয় সরণি ও বনানীর রাস্তায় যখন প্রচণ্ড রোদে যানজটে দাঁড়িয়ে থাকি, তখন গলা বুক শুকিয়ে যায়। শ্বাস তুলতেই কষ্ট হয়। এক ট্রিপ নেওয়ার কিছুক্ষণ পর বিশ্রাম নিই, আবার চালাই।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। এ জন্য ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। গতকাল আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
এদিন বিকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ছয়টির মতো তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে ধারণা আবহাওয়া অফিসের।













