পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট ‘যুদ্ধ’ শুরু হচ্ছে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে আগামীকাল সকাল আটটায় বিক্রি শুরু হবে ১ জুলাই যাত্রার টিকেট।
রেলওয়ে সূত্র জানায়, টিকেট বিক্রির সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের তদারকিতে এই টিকেট বিক্রি হবে। আগামী ২ জুলাই যাত্রার টিকেট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকেট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকেট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকেট ২৬ জুন বিক্রি করা হবে। উল্লেখ্য, একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।
টিকেট কালোবাজারী রোধে বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক প্রহরায় রাখবে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
কমলাপুরে রেলস্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি) প্রধান পরির্দশক মো. মজিবুর রহমান জানান, কমলাপুর রেল স্টেশনে এ বছর টিকিটি বিক্রি হবে ২৭টি কাউন্টার থেকে। এরমধ্যে একটি কাউন্টার মহিলাদের জন্য। এবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টিকিট বিক্রি হবে। কালোবাজারি রোধ ও নিরাপত্তায় র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি) সম্মিলিত ভাবে তদারকি করবে।
ঈদ-ফেরত যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ৪ জুলাই থেকে টিকেট বিক্রি শুরু করবে।
এদিকে ঈদে ঘরমুখী যাত্রীদের বাস ও কোচে যাত্রার টিকেট রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুর, ফকিরাপুল, রাজারবাগসহ বিভিন্ন বাস কাউন্টারে অগ্রিম টিকেট বিক্রি শুরু শুরু হয়েছে গত সোমবার থেকে।