সর্দি বা ঠান্ডা লাগার জন্য কিন্তু শীতকাল কিংবা শীতল হাওয়া মোটেই দায়ী নয়| এটা একধরণের ইনফেকশন যা ভাইরাসের কারণে হয়। ২০০-র ও বেশি ধরণের ভাইরাস আছে যার থেকে আমাদের ঠান্ডা এবং ফ্লু হতে পারে | জেনে নিন শীত কিংবা গরমে ঠান্ডা লাগার কারণ:
শীতকালে বেশি সর্দি হয় কেন ? সাধারণত রাইনোভাইরাস থেকে আমাদের সর্দি হয় | এই ধরণের ভাইরাস ঠান্ডা জলবায়ুতে ভালোভাবে বেঁচে থাকে | তাই সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এই ধরণের ভাইরাস সবচেয়ে অ্যাক্টিভ থাকে| আমাদের শরীর এমন ভাবে তৈরি যে ঋতু-পরিবর্তনের সঙ্গে বেশি করে ইনফেকশন-ফাইটিং কোষ তৈরি করে‚ যাতে চট করে আমরা অসুস্থ না হয়ে পড়ি | দুর্ভাগ্যবশত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের নাকের ভেতর যে লাইনিং আছে তা শুকিয়ে যায় | এই লাইনিং বিভিন্ন ভাইরাস এবং নোংরাকে শরীরে প্রবেশ করার হাত থেকে আটকায় | শুকিয়ে যাওয়ার ফলে সহজেই ভাইরাস শরীরের ভেতর ঢুকে যেতে পারে|
গরমকালে সর্দি হওয়ার কারণ : শীতকালে এবং গরমকালে সম্পূর্ণ অন্য ভাইরাসের কারণে সর্দি হয় | আগেই বলেছি শীতকালে রাইনোভাইরাসের কারণে সর্দি হয় | আর গরমকালে এন্টেরোভাইরাসের কারণে আমাদের ঠান্ডা লাগে | এন্টেরোভাইরাস এক ধরণের ভাইরাসের গ্রুপ যারা আমাদের নাকের‚ গলার‚ চোখের এবং ডাইজেস্টিভ সিস্টেমের টিস্যুকে আক্রমণ করে | এই বিশেষ ধরণের ভাইরাসের থেকে পোলিও ও হতে পারে | তবে পোলিওর টিকার কল্যাণে আজকাল আর পোলিও হয় না বললেই চলে | এন্টেরোভাইরাসের আক্রমণের ফলে অনেকের কিছুই হয় না আবার অনেকের গলা খুসখুস‚ জ্বর‚ গায়ে ব্যথা এবং বিভিন্ন নিঃশ্বাস সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে |
গরমকালে এ সি তে থাকার জন্য কি সর্দি হতে পারে ? হ্যাঁ‚ গরমকালে এ সি তে থাকার ফলে অবশ্যই সর্দি হতে পারে | কারণ বন্ধ ঘরে বেশি তাড়াতাড়ি জীবাণু ছড়িয়ে পড়ে | এছাড়াও বাইরের তাপমাত্রা এবং ঘরের ভেতরের তাপমাত্রায় পার্থক্য ঘটার ফলেও সর্দি হতে পারে |
গরমকালে অ্যালার্জির কারণেও সর্দি হতে পারে : অনেক ব্যক্তি জনেনই না তাদের সিজনাল অ্যালার্জির ফলে সর্দি হয় | কারণ দু ক্ষেত্রেই লক্ষণ একই থাকে | তাই অ্যালার্জিকে অনেকসময় আমরা ঠান্ডা লেগেছে বলে ভুল করি | একটা জিনিস খেয়াল করলে আন্দাজ করা যায় সেটা ‘কমন কোল্ড’ নাকি অ্যালার্জি | নাক ঝাড়ার সময় খেয়াল করে দেখতে হবে নাক থেকে যা বেরোচ্ছে তার রোজ রং পাল্টায় কীনা | যদি রোজ একই রঙের হয় তাহলে বুঝতে হবে অ্যালার্জি থেকে হচ্ছে | এবং যদি রঙ পাল্টায় তাহলে বুঝবেন ঠান্ডা লেগে সর্দি হয়েছে |













