বিয়ে-হানিমুন এবং বিবাহ সম্পর্কিত বিপত্তি শেষে আবারও শুটিংয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অনেকেই ধারণা করেছিলেন বিয়ের পর মাহি আর চলচ্চিত্রে নাও ফিরতে পারেন। তবে সেই ধারণাকে উড়িয়ে দিয়ে ২০ জুন থেকে রাজধানীর দিয়াবাড়ীতে শুটিং শুরু করেছেন তিনি।
আসন্ন ঈদুল ফিতরে নতুন একটি অনুষ্ঠানে ভিন্ন রূপে দেখা যাবে তাকে। একুশে টিভির ঈদ আয়োজনের অংশ হিসেবে শুক্রবারও একটি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই গানের তালে নাচতে দেখা যায় তাকে। মাহির পাশাপাশি ওই অনুষ্ঠানে আরো ছিলেন ফেরদৌস, আঁখি আলমগীর, তানজিন তিশা ও অমৃতা। স্বামী অপুর সঙ্গেও একটি বিনোদনমূলক টক শোতে যাওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া জানা গেছে ঈদের পর নতুন বর পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মধুচন্দ্রিমার উদ্দেশে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন হালের আলোচিত এই অভিনেত্রী। তার আগে আগামী সপ্তাহ থেকে শাহনেয়াজ শানুর পরিচালনায় বাপ্পীর বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ শুরু করবেন।
২০১২ সালে ‘ভালবাসার রং’ ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়। ২০১৩ সালে মাহিয়া মাহির পর পর তিনটি ছবি বাক্স অফিসে আলোচনায় আসে। এ ছাড়া তিনি ২০১৪ সালে ‘অগ্নি’ এবং ‘দেশা- দা লিডার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।













