উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট ত্বরিত বল ধরে সাকলায়েন মুশতাকের স্টাম্প ভেঙে দিতেই মাঠে ঢুকে গেলেন হাজারো সমর্থক। নর্দাম্পটনে ইতিহাস গড়া হয়ে গেছে তখন বাংলাদেশের। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়েই পাকিস্তানের মতো ক্রিকেটদ্বৈত্য বধ। বাংলাদেশের ক্রিকেটে সে এক সোনালি উপখ্যান। যেটি ১২ বছরের সাকিব আল হাসানের মতো লাখো বাঙালি বালকের মনে বুনে দিয়েছিল স্বপ্নের বীজ।
ক্রিকেটে বাংলাদেশের উত্থানে ওই ম্যাচটির অবদান ছিল মহাগুরুত্বপূর্ণ। অভূতপূর্ব সেই জয়ের পর অভিজাত ক্রিকেটের সব দলকেই হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডকে হারানোটা টাইগারদের জন্য এখন ডালভাত! এই সময়ে ভারত, ইংল্যান্ড, শ্রীলংকাকেও হারানো গেছে একাধিকবার। কিন্তু ক্রিকেটের কোনো ফরম্যাটেই দ্বিতীয়বার পাকিস্তানকে হারানো যায়নি এখনো।
সুযোগ যে আসেনি তা কিন্তু নয়। বেশ কয়েকবার কাছে গিয়েও পারেনি টাইগাররা। এশিয়া কাপের ফাইনালে মাত্র ২ রানে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার ক্ষতটা তো এখনো দগদগে। সেই ক্ষতে কি এবার কিছুটা প্রশান্তির মলম লেপন করা যাবে? পাকিস্তানকে হারানো যাবে আরো একবার? আরেকটি বিশ্বকাপে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিব কিন্তু বড় সুযোগ দেখছেন। সময়ের সেরা এই অলরাউন্ডার তো বলছেন, এবার ঘরের মাঠে বাংলাদেশই ফেভারিট।
২টি টেস্ট, ৩টি ওয়ানডে আর একটি টি২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিশ্বকাপে যাদের পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। চরম বিপাকের মুখ থেকে ফিরে গ্রুপপর্ব পাড়ি দিলেও বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর ওয়ানডে থেকে মিসবাহ-উল হক-শহীদ আফ্রিদিদের বিদায় অনেকটাই অভিজ্ঞতাহীন করে দিয়েছে পাকিস্তানকে। অধিনায়কের দায়িত্ব পাওয়া আজহার আলী গত দুই বছর খেলেননি কোনো ওয়ানডে ম্যাচেই!
অপরদিকে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনেও এবারের বিশ্বকাপে অসাধারণ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তান-স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পর ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো খেলেছে কোয়ার্টার ফাইনালে। এমন পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে টাইগাররা। সাকিবের কথায় তারই বহিঃপ্রকাশ, ‘নিজেদের মাটিতে আমরাই এবার ফেভারিট। এবারই আমাদের সামনে সেরা সুযোগ পাকিস্তানকে হারানোর।’
বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স সবারই নজর কেড়েছে। ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে বোলার রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার লড়াকু মানসিকতা প্রসংশিত হয়েছে সর্বত্র। পারফরম্যান্সের সেই ধারা ঘরের মাঠে অব্যাহত থাকবে; এমনই প্রত্যাশা টাইগার ক্রিকেটপ্রেমীদের। প্রত্যাশা পূরণ হলে আরেকবার টাইগারদের পাকিস্তান বধ কে ঠেকায়? সাকিবের ভাবনায় তো আরো বেশিকিছু, ‘আমরা এবার তাদের (পাকিস্তান) বিপক্ষে সিরিজ জিততে চাই।’
বুধবার দেশে ফিরে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তার পদত্যাগ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি সাকিব। তবে, ১৯ মার্চ মেলবোর্নে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওই ম্যাচে কী হয়েছে তা সবাই দেখেছে। তবে আমি বলব, মানুষ হিসেবে সবারই তো ভুল থাকতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস জর্ডানের রান আউটটাও তো ফিফটি-ফিফটি ছিল। সেটা তো আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল আম্পায়ার।’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গতকালই ঢাকা ছেড়েছেন সাকিব। তবে সামনে পাকিস্তান সিরিজ থাকায় এবার আইপিএলে দুটো ম্যাচের বেশি খেলা হচ্ছে না তারকা এই অলরাউন্ডারের। তবে ওই দুই ম্যাচের অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে দেবে বলেই মনে করছেন তিনি। দেশ ছাড়ার আগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের তিনি বলেছেন, ‘আইপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্যই পাকিস্তান সিরিজে দলের হয়ে কাজে লাগাতে পারব। বিশ্বকাপের আগে বিগ ব্যাশে খেলে যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সতীর্থদের মাঝে সেই অভিজ্ঞতা শেয়ার করেছি, এবারো তেমনটি করতে পারব বলে আশা রাখি।

সেরা সুযোগ’ দেখছেন সাকিবনিজেদের মাটিতে আমরাই এবার ফেভারিট। এবারই আমাদের সামনে সেরা সুযোগ পাকিস্তানকে হারানোর।
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












