মালয়েশিয়ায় বাংলাদেশি এক শ্রমিক হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার ভোর রাতে দেশটির মালসুফি এলাকায় একটি স্টাফ কোয়াটারে তিনি মারা যান। নিহত জয়দল হোসেন জাহিদ (৪২) কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর-দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা। জাহিদ মালয়েশিয়ার এইচএম ইন্টারন্যাশনাল গাদার্ফ এফবিএল কোম্পানিতে চার বছর ধরে রাজমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। এদিকে শুক্রবার সকালে জাহিদের মৃত্যুর সংবাদ পেয়ে থামছে না স্বজনদের আহাজারি। পরিবারের লোকজনের বুক ফাঁটা কান্নায় ভারি হয়ে ওঠেছে পরিবেশ। জাহিদের মা-বাবা ও স্বজনদের প্রতিটি মুহূর্ত এখন শুধুই কাটছে লাশের অপেক্ষায়।
কিন্তু জাহিদের মরদেহ স্বজনদের কাছে কবে নাগাদ পৌঁছাবে তা সঠিকভাবে জানাতে পারছেন না স্থানীয় প্রশাসন।
স্বচ্ছলভাবে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় যাওয়া নিহত জয়দল হোসেনের স্ত্রী ও সন্তানরা শোকে কেঁদেই চলেছেন। বিদেশে যেতে ঋণ করা অর্থ এখনো পরিশোধ করা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকতে সরকারের কাছে আকুতি জানিয়েছে তারা।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টির ব্যাপারে আমরা জানি না।’













