শনিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা।
শনিবারসকাল সাড়ে দশটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে অ্যাডভোকেট মো. শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দেখা করবেন। কামারুজ্জামানের আইনজীবীদের সূত্রে এ তথ্য জানা যায়।
মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভম্বের কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
এরপর গত ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ চারজন কামারুজামানের কনডেম সেলে গিয়ে পরোয়ানা পড়ে শোনান। পরে নিয়ম অনুসারে ১৫ দিন পর রায় পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। আপিল বিভাগে এ আবেদনের শুনানি আগামী রবিবার শুরু হওয়ার কথা রয়েছে।













