রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মৌন মিছিল ও সমাবেশে নারীনেত্রী ও সমাজের সচেতন ব্যক্তিরা বলেছেন, দেশে নারীরা আবারও অন্ধকারে ফিরে যাচ্ছেন। নারীদের ঘরে ফিরিয়ে দিতে কর্মঘণ্টা কমানোর চেষ্টা করা হচ্ছে। নারী কর্মপরিসরে কাজ করবে না ঘরে থাকবে—এটা একান্তই নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত।
এ সময় নারীরা সমস্বরে স্লোগান দেন—‘পাঁচ নয় আট, তুমি বলবার কে?’
আজ শুক্রবার (১৪ নভেম্বর) ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান : প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক এই মৌন মিছিল ও সমাবেশের আয়োজক ছিল নারী ও শিশু অধিকার ফোরাম।এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা মুখে কালো কাপড় বেঁধে নারীর প্রতি অসম্মান ও সহিংসতার প্রতিবাদ জানান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
দেশে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ব্যবসা করছে অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায়, এ দেশের নারীরা যেন অন্দরমহলে বন্দী থাকে।













