মাঠ জিম্বাবুয়ের কিন্তু রাজত্ব শ্রীলঙ্কার। অবশেষে সেই রাজত্বের অবসান। জিম্বাবুয়ে সফরে হ্যাটট্রিক জয়ের পর এবার মুদ্রার উল্টোপিঠটা দেখল শ্রীলঙ্কা। ওয়ানডে-টি-টোয়েন্টি মিলে চতুর্থ ম্যাচে এসে পরাজয় দেখেছে তারা।ঘরের মাঠে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়া জিম্বাবুয়ে আজ টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে জিততেই হতো। সেটা পেরেছে তারা এবং দারুণভাবেই। ৩৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এ জয়ে তিন ম্যাচের শেষটি তাই অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়াল।
তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামীকাল হারারেতেই।
হারারেতে আজ জয়টা প্রাপ্যই ছিল জিম্বাবুয়ের। কেননা দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের মাত্র ৮০ রানে অলআউট করে সিকান্দার রাজার দল। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে নেতৃত্বও দিয়েছেন তিনি।













