বিদেশি ফল হলেও এখন দেশের বাজারে ড্রাগন ফলের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বিশেষ করে ডায়েটের নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে এই ফল। দাম কিছুটা বেশি হলেও, পুষ্টিগুণের দিক থেকে এটি মুসাম্বি, বেদানা বা খেজুরের চেয়ে কোনও অংশে কম নয়। এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও নানা প্রাকৃতিক উপাদান, যা শরীরের জন্য ভীষণ উপকারী।ক্যালরির পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিসের রোগীরাও এটি খেতে পারেন। চলুন, জেনে নিই ড্রাগন ফল খেলে কী কী উপকার মিলতে পারে।
অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর
ড্রাগন ফলে রয়েছে ফ্ল্যাভোনয়েড, ফেনলিক অ্যাসিড ও বিটাসায়নিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। যা শরীরকে ‘ফ্রি র্যাডিকেল’ এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।এর ফলে ক্যানসারের ঝুঁকি কমে এবং অকালবার্ধক্যের ছাপ পড়ার সম্ভাবনাও হ্রাস পায়।
ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী
এই ফলে ফ্যাট বা স্নেহপদার্থ প্রায় নেই বললেই চলে। এতে রয়েছে প্রচুর ফাইবার, যা পরিপাকক্রিয়াকে ধীরে করে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
হজমে সহায়তা করে
ড্রাগন ফলে থাকে প্রোবায়োটিক, যা উপকারী ব্যাক্টেরিয়া (যেমন ল্যাক্টোব্যাসিলাস)-এর বৃদ্ধিতে সহায়ক। এতে হজমের গণ্ডগোল, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ড্রাগন ফলের আর একটি বড় গুণ হল এর উচ্চ মাত্রায় ভিটামিন সি-র উপস্থিতি। এই ভিটামিন শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ায়, সংক্রমণের আশঙ্কা কমায়।
আয়রনের ঘাটতি পূরণে সহায়তা
ড্রাগন ফলে আয়রন ও ভিটামিন সি—দুটোই রয়েছে।আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, আর ভিটামিন সি আয়রনের শোষণ আরও কার্যকর করে। তাই রক্তাল্পতার সমস্যা থাকলে এটি বেশ উপকারী হতে পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা













