রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দলবেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা করেছেন যুবদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।তাতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান।
ভিডিওতে আরো দেখা যায়, ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন।তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন। ভিডিওতে তখন ৮ থেকে ১০ জনকে দেখা যায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন। দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করছিলেন তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়। এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দও পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন, যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন।













