টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার ম্যাচ ছিল বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের মতো নিয়মরক্ষার ছিল পাকিস্তানেরও।
কিন্তু বেরসিক বৃষ্টি ম্যাচটি হতে দেননিঅঝোরে কেঁদে মাঠ ভাসিয়ে দেওয়ায় ব্যাট-বলের লড়াইয়ে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। তাতে ১ পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দুই দল।
আরেকটি হতাশার টুর্নামেন্ট শেষে পুরনো বুলিই আওড়ালেন শান্ত। ভুল থেকে শিক্ষা নেওয়ার সেই পুরনো গল্পই শোনালেন বাংলাদেশ অধিনায়ক।চ্যাম্পিয়নস ট্রফির ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময় শান্ত বলেছেন, ‘আগের দুটি ম্যাচে যেভাবে লম্বা সময় পর্যন্ত খেলা টেনে নিয়ে গিয়েছিলাম, আমাদের জন্য সেটা খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি, ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারব। আমরা সঠিক পরিকল্পনা করব এবং সেটা কার্যকর করব।’
রাওয়ালপিন্ডিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে না পারায় হতাশা ঝড়েছে শান্তর কণ্ঠে।বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘খুবই হতাশ। আমরা সত্যি ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’
ব্যাটিং ব্যর্থতার মাঝে পেসাররা ভালো করেছেন। সে জন্য তাসকিন আহমেদ-নাহিদ রানাদের প্রশংসাও করেছেন শান্ত।













