জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আজ ২৫ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক দিনের এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি দিনটি বিএনপি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে। এবার ২৫ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।জাতীয়ভাবে দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে। এত দিন শেখ হাসিনা তাঁদের অপকর্ম ঢেকে রাখার জন্য দিবসটিকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন।
তিনি জানান, দিবসটি উপলক্ষে বিএনপি আজ সকালে ঢাকার বনানী সেনা কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে। একই সঙ্গে সারা দেশে জেলা-মহানগরে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।আলোচনাসভা হবে বিকেল সাড়ে ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
রিজভী বলেন, ‘বিডিআর বিদ্রোহ ঘটনার সেনা তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, ওই সময়ের রিপোর্টে স্পষ্টভাবে জানা গেছে যে, ওই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে তত্কালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা সম্পৃক্ত থাকতে পারে। এই কারণে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে। জনগণের কাছে প্রকৃত কী অবস্থা হয়েছে, সেটা জানানো হয়নি।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।













