ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সিনেট তার মনোনয়ন নিশ্চিত করবে। এর ফলে তিনিই হবেন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি কংগ্রেসের অনুমোদন পেতে যাচ্ছেন।
সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে রুবিওর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন তিনি।তিনিই এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক। দেশটির পররাষ্ট্র দপ্তরে মোট প্রায় ৭০ হাজার কর্মী কাজ করে থাকেন।
রুবিওকে পররাষ্ট্রনীতি বিষয়ে খুবই কট্টর হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ইরান ও চীনের বিষয়ে।
শপথগ্রহণের পর মার্কো রুবিও বলেছেন, নতুন প্রশাসনের সব কিছু নির্ভর করবে তিনটি প্রশ্নের ওপর—‘এটা কি আমাদের শক্তিশালী করবে? এটি কি আমাদের নিরাপদ করবে এবং এটা কি আমাদের আরো উন্নতি দেবে?’
তিনি আরো বলেন, ‘যদি তা না হয়, তাহলে আমরা সেটি করব না।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র এখন নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে, যা বিশ্বকে আরো নিরাপদ করে তুলবে। তিনি বলেন, ‘ট্রাম্প এটি পরিষ্কার করেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রাথমিক ভূমিকা হবে শান্তি।’
সূত্র : বিবিসি













