বড় ধরনের আক্রমণ চালিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। এরই মধ্যে তারা দখল করে নিয়েছে আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কিছু অঞ্চল। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ দুই পক্ষের ২৪২ জন নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত বুধবার থেকে আলেপ্পো ও ইদলিব প্রদেশে আক্রমণ চালিয়ে বেশ কিছু শহর ও গ্রাম দখল করার কথা জানিয়েছে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর সহযোগী সংগঠনগুলো।বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার পাশাপাশি রুশ বাহিনীর বিমান হামলার খবর পাওয়া গেছে।
২০১১ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর বাশার আল-আসাদ সরকারের সহিংস হামলার পর শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
২০২০ সালে আসাদের প্রধান মিত্ররাষ্ট্র তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় ইদলিবে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল সিরিয়া সরকার। এরপর সহিংসতা একরকম থেমে গেলেও মাঝেমধ্যে এ অঞ্চলে সংঘর্ষ, বিমান হামলা ও গোলাবর্ষণের খবর যায়।













