পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু
দীর্ঘ সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সকাল ৬টায় মোটরসাইকেলের জন্য পদ্মা সেতুর দরজা উন্মুক্ত করা হলেও মধ্যরাত থেকে বাইকাররা টোল প্লাজায় জড়ো হতে থাকেন। একটি বুথ দিয়ে টোল নেওয়ার কথা থাকলেও বাইকারদের উপচে পড়া ভিড়ে দুটি বুথ দিয়ে মোটরসাইকেলের টোল নেওয়া শুরু হয়।
মোটরসাইকেল চালিয়ে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে পদ্মা সেতুতে উঠছেন আমানুল্লাহ। জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, এমনিতেই আনন্দ লাগছে। পদ্মা সেতুতে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। আনন্দের নতুন একটি মাত্রা যোগ হলো। আমরা নিয়ম মেনে মোটরসাইকেল চালাব।’
নড়াইলের বাসিন্দা মো. সুমন। চাকরি করেন নারায়ণগঞ্জে। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কথা হলে সুমন বলেন, ‘এই ঈদে দুটি বোনাস পেয়েছি। একটি হচ্ছে আমার চাকরির, অন্যটি পদ্মা সেতুতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার আনন্দ।’
ওই দিন সেতুতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। পরদিন থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সরকার।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার
গতকাল পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। শুরুতে আমরা তীব্র সংকটের মুখে পড়ি। তখন মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছি। সময়ের পরিবর্তনে আমার মনে হয় চালকরা যারা মোটরসাইকেলে যেতে-আসতে আগ্রহী, তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে।’
মোটরসাইকেলশূন্য শিমুলিয়া ফেরিঘাট
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় গতকাল শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে চলাচলকারী দুটি ফেরি মোটরসাইকেলশূন্য হয়ে পড়ে। দুটি ফেরিকেই ঘাটে নোঙরে থাকতে দেখা গেছে। গত মঙ্গলবার থেকে এ নৌপথে মোটরসাইকেল পারাপারের জন্য বিআইডাব্লিউটিসি দুটি ফেরির ব্যবস্থা করে। মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেল পারাপার করা হয়। প্রথম দিন এক হাজার ২০০টি এবং পরের দিন এক হাজার ৩০০ মোটরসাইকেল পারাপার করা হয়।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সুযোগ তৈরি হওয়ায় ফেরি পার হতে বাইকাররা আসছেন না। তবে আমরা প্রস্তুত আছি। বাইক বা যানবাহন এলে আমরা পার করব।’
দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট
গত ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চার দিনে আট হাজার ৬৬৯টি মোটরসাইকেল দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট ফেরিঘাট ব্যবহার করে পদ্মা নদী পাড়ি দিয়েছে। ঘাটগুলোর বিআইডাব্লিউটিসির সূত্র এই তথ্য জানিয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এই ফেরিঘাটে যানবাহন পারাপার কমে গেছে। চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই ফেরি পার হয়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতুতে ঢল
উত্তরাঞ্চলে গ্রামের বাড়ি যেতে বঙ্গবন্ধু সেতুতে ঢল নামে মোটরসাইকেল আরোহীদের। ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনে ১১ হাজার ৭৭৭টি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু দিয়ে যমুনা নদী পার হয়েছে।
গত ঈদে মোটরসাইকেল চলাচলে নানা বিধি-নিষেধ থাকায় বাসের ব্যবসা তুলনামূলক বেশ ভালো ছিল। এবার ব্যবসায় প্রভাব পড়বে কি না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মাহাবুব কালের কণ্ঠকে বলেন, ‘যারা বাসের যাত্রী তারা বাসেই যাবে। বাসের যাত্রী মোটরসাইকেলে যাবে না। এক দিনের বিবেচনায় ব্যবসার পরিস্থিতি বলা কঠিন।’
(সংবাদে ঢাকার নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল ও আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ তথ্য দিয়েছেন।)













