ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জোড়া আত্মঘাতী গোল হজম করে ইউনাইটেড ড্র করল ২-২ গোলে।
ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রুনো ফের্নান্দেসের পাস ডি-বক্সে অরক্ষিত অবস্থায় পেয়ে বোনোর মাথার ওপর দিয়ে জালে জড়ান মার্সেল সাবিৎজার। কিছুটা এগিয়ে থাকায় বলের নাগাল পাননি মরক্কান গোলরক্ষক। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিৎজারই। এই গোলের অ্যাসিস্ট করেছেন অ্যান্তোনি মার্শিয়াল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এরিক টেন হাগের দল।













