লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে অবৈধভাবে ইতালি অভিমুখে যাত্রা করা একটি নৌকা গত রবিবার বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ডুবে যায়। এতে ৩০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১২ জনই নগরকান্দা উপজেলার।
নিখোঁজ রাসেলের বাবা তোরাপ মোল্লা জানান, নগরকান্দা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আদম ব্যপারীর মুরাদ ফকির মাধ্যমে ৮ লাখ টাকার চুক্তি হয়। সে লক্ষে চলতি বছরের ৫ জানুয়ারি বাড়ি থেকে ইটালির উদ্দেশে রওয়ানা হয়। ৮ জানুয়ারি ঢাকা থেকে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। দুবাই হয়ে ১২ জানুয়ারি তারা লিবিয়া পৌঁছায়। দুই মাস লিবিয়ায় অবস্থানের পর রবিবার সাগর পথে নৌকায় চড়ে ইটালীর যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, মুরাদ একজন মানবপাচারকারী। তিনি অবৈধভাবে বিদেশে লোক পাঠিয়ে কয়েক কোটি টাকা আয় করেছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, এসব বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, শুনেছি ইতালি যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এলাকার বেশ কয়েকজন উদ্ধার হয়েছেন। আবার বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।













