রাজনীতিবিদরা প্রায়ই বলে থাকেন, ‘যদি আমরা ক্ষমতায় আসি’ বা ‘ক্ষমতায় চলে যাচ্ছি’। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান তাঁরা; কিন্তু ক্ষমতা প্রয়োগ আর দায়িত্ব পালন এক বিষয় নয়। নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দায়িত্বের পরিবর্তন হয়। সে কারণে আমরা ‘ক্ষমতা’ শব্দটা শুনতে চাই না। নির্বাচনে নির্বাচিত হতে হবে দায়িত্ব গ্রহণের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। দায়িত্বসচেতনতা বাড়লে এ শব্দ আর ব্যবহার হবে না।
এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও পুরনো কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।













