তীব্র শীতে নাকাল উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে ঠাণ্ডা বাতাস। চলছে শৈত্যপ্রবাহও। গতকাল মঙ্গলবার জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস, চলতি মৌসুমে যা এখন পর্যন্ত সর্বনিম্ন।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আর সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। নদীর আশপাশের এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আগামী চার দিন হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
পঞ্চগড় জেলাজুড়ে সকাল থেকেই ঘন কুয়াশা ছিল। সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত অনেককেই সড়কের পাশে বসে আগুন পোহাতে দেখা গেছে। সকাল ১০টার পর দেখা মেলে সূর্যের। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীতের তীব্রতা বাড়ে। কয়েক দিন ধরে তীব্র শীতে বেশি বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। কাজের জন্য বের হলেও ঠিকমতো কাজ মিলছে না তাদের।













