১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখ। চার দিনের সফরের তৃতীয় দিন আজ সোমবার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে তিনি ওই প্রশংসা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য প্রচুর সম্পদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাঁরা এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘে রোহিঙ্গাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবে সমর্থন এবং রোহিঙ্গা জেনোসাইডকে যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রশংসা করেন।













