ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের একটি গোপনীয় জীবাণু অস্ত্র পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়তে পারে। গবেষণাগারটি উহান শহরে অবস্থিত বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। ড্যানি শোহামের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন টাইমস।
ড্যানি শোহাম চীনের জীবাণু অস্ত্র বিষয়ে গবেষণা করেছেন। তার দাবি, ‘উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি’ প্রতিষ্ঠানটির সঙ্গে চীনের গোপনীয় জীবাণু অস্ত্র কর্মসূচির যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘ইনস্টিটিউটের কয়েকটি গবেষণাগার সম্ভবত চীনা জীবাণু অস্ত্র গবেষণা এবং বিকাশের জন্য নিযুক্ত রয়েছে।’ করোনা ভাইরাস নিয়েও ওই প্রতিষ্ঠানটি গবেষণা করছে বলে ধারণা করছেন তিনি। সার্সের মতো ভাইরাস নিয়ে গবেষণা চীনের জৈব রাসায়নিক অস্ত্র কর্মসূচির অন্তর্ভুক্ত বলে জানান ড্যানি।
এদিকে করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে ৮১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অন্তত ২ হাজার ৭শ ৪৪ জন। বিশ্বের অন্তত ১২টি দেশে ইতোমধ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়।













