অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার কাজ শুরু করেছে ভারত। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো রসদ দিয়ে অস্ত্রভাণ্ডারকে সাজিয়ে তোলা হবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২২-২৩ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছতে চাইছে দেশটির সেনাবাহিনী।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডারকে আরো মজবুত করা হচ্ছে। যে সব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা এরই মধ্যে পূরণ করা হয়েছে। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
এর আগে ২০১৭ সালে সেনার অস্ত্রভাণ্ডার সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। সেই রিপোর্টে বলা হয়, সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যে ১৫২ ধরনের গোলা-বারুদ মজুত রয়েছে তার মধ্যে ৬১ ধরনের অস্ত্রের পরিমাণ বেশ কম। তা দিয়ে টানা ১০ দশ দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই শোরগোল পড়ে গিয়েছিল। তাই এবার আর বিলম্ব না করে অস্ত্রঘাটতি পূরণের কাজ শুরু করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতের বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোকে আট ধরনের ট্যাঙ্কসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বানানোর কাজ দেওয়া হয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে এই অস্ত্র তৈরি করবে তারা। অস্ত্রের গুণগত মান এবং কর্মক্ষমতা বাড়াতে দেশের ৪১টি অর্ডন্যান্স ফ্যাক্টরির সঙ্গেও কাজ শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।













