গাজার উপকূলের কাছে বিশ্বের প্রাচীনতম কিছু মুদ্রা খুঁজে পেয়েছিলেন কয়েকজন জেলে। মুদ্রা বিশেষজ্ঞ ড. উটে ওর্টেনবার্গ বলেন, ‘এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসন্ধান এবং আলেকজান্ডার দ্য গ্রেটের মুদ্রা ডেকাড্রাকমার সবচেয়ে বেশি নিদর্শন সেখানে ছিল।’ ২০১৭ সালে বসন্তে সমুদ্র থেকে এই মুদ্রাগুলো তুলে আনা হয়।
গাজার প্রত্নতত্ত্ববিদ ফাদেল আলাটোল বলছেন, ‘যখন আমি একটি হাতে তুলে নিলাম, আমি হতভম্ব আর অভিভূত হয়ে গিয়েছিলাম।’ তিনি প্রথম শনাক্ত করেন যে, এসব মুদ্রা ২৩০০ বছর পুরনো মেসিডোনিয়ান শাসক আলেকজান্ডার দ্য গ্রেটের ডেকাড্রাকমা মুদ্রা। গ্রিস থেকে ভারত পর্যন্ত রাজত্ব ছড়িয়ে নিয়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। মিসর অভিযানের সময় রক্তাক্ত অবরোধের পর তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গাজা দখল করে নিয়েছিলেন। লন্ডনের নিলাম প্রতিষ্ঠান রোমা নিউমিসমেটিক্স একটি ডেকাড্রাকমা বিক্রি হয়েছিল এক লাখ পাউন্ডে (এক লাখ ৩০ হাজার ডলার)।
পরবর্তী দুই বছরে এ ধরনের ১৯টি মুদ্রা বাজারে ওঠে। ১৯৭৩ সালের আগ পর্যন্ত ডেকাড্রাকমাগুলো সম্পর্কে কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। কিন্তু বিবিসির তদন্তে ২০১৭-এর বসন্তে নিলামে তোলা ১৯টি আলেকজান্ডার ডেকাড্রাকমার মধ্যে ছয়টি চিহ্নিত করা সম্ভব হয়েছে।
গাজার জেলেদের কাছে যে মুদ্রাগুলো পাওয়া গিয়েছিল, ফাদেল অ্যালাটোলের তোলা সেসব ছবির সঙ্গেও নিলামে বিক্রি হওয়া মুদ্রাগুলোর কোনোটিই মেলাতে পারেননি বিশেষজ্ঞরা। সূত্র : বিবিসি।













