ইরাকে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে পাল্টাপাল্টি এ ধরনের হামলা মূলত যুদ্ধ শুরুর ইঙ্গিত। অর্থাৎ পরিস্থিতি এমন যে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে সতর্ক করেছে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ব যুদ্ধের ভার বইতে পারবে না।
এক টুইটে ন্যান্সি পেলোসি বলেন, ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো বোমা হামলার ওপর কড়া নজর রাখছি। আমাদের অবশ্যই মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; একই সঙ্গে (ট্রাম্প) প্রশাসনের অপ্রয়োজনীয় উসকানি বন্ধ করাতে হবে। ইরানকে তাদের সহিংসতা থামাতে দাবি তুলতে হবে। যুক্তরাষ্ট্র ও বিশ্ব যুদ্ধের ভার বহন করতে পারবে না।
ইরানের হামলার সময় মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের একটি বৈঠক চলছিল। এর মধ্যেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে হামলার সংবাদবাহী একটি নোট আসে; তৎক্ষণাৎ তিনি বৈঠক ছেড়ে চলে যান।
ডেমোক্র্যাটরা শুরু থেকেই ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করে আসছে; সোলেইমানিকে হত্যা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াবে বলেও সতর্ক করেছে তারা।













