রয়টার্স
ওয়াশিংটন

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। গতকাল বিরশেবা শহরছবি: এএফপি
টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। যদিও যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়ার আগে একে অপরের ওপর হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল।
১৩ জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা; জবাবে পরদিন থেকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলা; এই সংঘাতের মধ্যে ২১ জুন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; জবাবে এক দিন পর ২৩ জুন কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা—১২ দিন চলমান এমন সংকটের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এই সংঘাতে ইরানে সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা-সদস্য, পরমাণুবিজ্ঞানী, বেসামরিক নাগরিকসহ ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় দেশটির বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক-বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর দিকে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের হিসাবে, ইরানের হামলায় দেশটিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়সহ দেশটির বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান।













