কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে জনসমক্ষে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র/দেশ হিসেবে আমাদের সত্তা আর উৎসের কেন্দ্রবিন্দু এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সন্তান।’
বিচার চেয়ে তিনি বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’













